মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার

মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৭:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ জীবনের নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে। শিগগিরই মা হতে চলেছেন এই অভিনেত্রী। মাতৃত্বের আনন্দকে উদ্‌যাপন করতে সম্প্রতি নিজের বাসার ছাদে ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ারের আয়োজন করেন তিনি।

বন্ধু ও সহকর্মীদের নিয়ে আয়োজিত ছোট্ট এই অনুষ্ঠানে ছিল হাসি-আড্ডা ও আনন্দের আবহ। মিডিয়া অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখও এতে অংশ নেন।

অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু, গায়িকা ঐশীসহ আরও অনেকে।

মৌসুমীর বন্ধুদের উদ্যোগেই আয়োজনটি করা হয়। স্বল্প পরিসরের এই অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন করা হয় দেশীয় খাবারে। ভাত ও মাছের নানা পদের আয়োজন ঘিরে জমে ওঠে দুপুরের আড্ডা।

বেবি শাওয়ারের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মৌসুমী। ছবিগুলোতে অভিনেত্রীর আনন্দঘন মুহূর্তের পাশাপাশি স্বামীর সঙ্গেও তাঁকে দেখা গেছে।

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী আবদুল ওয়াদুদের সঙ্গে সংসার করছেন মৌসুমী হামিদ। বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল তাদের। পারস্পরিক চিন্তাভাবনা ও জীবনবোধের মিল থেকেই তারা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মৌসুমী ও আবদুল ওয়াদুদের পরিবারে নতুন অতিথির আগমন ঘটতে পারে। জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশের আগে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।

শেয়ার করুনঃ
Advertisement