সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Published : ১৩:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সিলেট সফরে এসে তিনি মাজার জিয়ারত করেন।
মঙ্গলবার দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে পৌঁছায়।
সেখানে কিছু সময় অবস্থান করে তিনি মাজার জিয়ারত করেন। পরে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন রাষ্ট্রপতি।
এরপর রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হয়।
এর আগে বেলা ১১টা ২৭ মিনিটের দিকে রাষ্ট্রপতি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে গাড়িবহর নিয়ে তিনি সুরমাপারের সার্কিট হাউজে যান। সেখানে কিছু সময় অবস্থান করেন তিনি।
পরে সার্কিট হাউজ থেকে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। রাষ্ট্রপতির গাড়িবহর যেসব সড়ক দিয়ে চলাচল করেছে, সেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
রাষ্ট্রপতির সিলেট সফরকে ঘিরে গুরুত্বপূর্ণ সড়ক, মাজার এলাকা ও অন্যান্য নির্ধারিত স্থানে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।



























