তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসাইন সজীবের মৃত্যু
Published : ১৬:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসাইন সজীব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর সহকর্মী ও অভিনয়শিল্পীরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্মাতা আশিকুর রহমান জানান, কিছুদিন আগে হৃদ্রোগজনিত সমস্যায় ভুগেছিলেন সজীব। চিকিৎসা নিয়ে সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর রক্ষা হলো না।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাদ জোহর রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থান প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
নিজেই গল্প লিখে নাটক নির্মাণ করতেন মারুফ হোসাইন সজীব। সমসাময়িক নাট্যনির্মাতাদের মধ্যে তিনি ছিলেন আলোচিত। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বেশ কিছু সম্মাননাও।
তাঁর উল্লেখযোগ্য দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে—‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজলচোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।
তাঁর অকালমৃত্যুতে দেশের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
































