সম্পর্কোন্নয়নে শেখ হাসিনার বিষয়ে দিল্লিকে স্পষ্ট অবস্থান নিতে হবে: তথ্য উপদেষ্টা
Published : ১৬:২১, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী হলে ভারতকে শেখ হাসিনার বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চায়। এ বিষয়ে ভারত সরকারের প্রতি বারবার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে হলে শেখ হাসিনা ও অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ‘ওয়ার্কিং এনগেজমেন্ট’ বজায় রাখতে ভারতকে বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত বলে তিনি তার অবস্থান তুলে ধরেছেন।
এদিকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কর পরিশোধ সংক্রান্ত আদালতের রায় প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।
তিনি বলেন, কর মওকুফ সংক্রান্ত আগের রায় এবং তা কার্যকর না হওয়ার বিষয়টি নিয়ে কিছু ভুল ধারণা ছিল। হাইকোর্টের রায়ে সংশ্লিষ্ট কর পরিশোধের নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া ক্রিপ্টোকারেন্সিকে সরকার সাধারণ বাণিজ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে চায় না বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা।




























