ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার
Published : ১০:৪৪, ২৫ অক্টোবর ২০২৬
তিন দিনের সরকারি সফরে রোববার (২৫ অক্টোবর) ঢাকায় আসছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। বাংলাদেশ ও জার্মানির ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতার রূপরেখা নির্ধারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে সফরকালে তিনি দুই দেশের সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
শনিবার সন্ধ্যায় ঢাকায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ড. কফলার বিএমজেডের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে এবারের আলোচনায় দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা, অর্থনৈতিক অভিযোজন সক্ষমতা ও টেকসই প্রবৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জার্মানি দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে এ সংলাপকে গুরুত্ব দিচ্ছে। এলডিসি থেকে উত্তরণ এবং পরিবর্তিত উন্নয়ন চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রচলিত সহায়তার কাঠামোর বাইরেও সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে দেখার ওপর জোর দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সফরের অংশ হিসেবে ড. কফলার দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি চট্টগ্রামে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
ঢাকায় অবস্থানকালে জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’ উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। এতে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, কূটনীতিক, সাংস্কৃতিক অঙ্গন ও গণমাধ্যমের ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।
১৯৯০ সালে কয়েক দশকের স্নায়ুযুদ্ধকালীন বিভাজনের অবসান ঘটিয়ে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনরেকত্রীকরণের ঐতিহাসিক ঘটনাকে স্মরণে রেখে দিবসটি পালন করা হয়।
জার্মান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে জার্মানির অঙ্গীকার প্রতিফলিত হচ্ছে।


































