অর্থনৈতিক ও সাংস্কৃতিক কূটনীতি জোরদারে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ
Published : ১১:০৪, ২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং সাংস্কৃতিক কূটনীতির প্রসারে আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সফরের শুরুতে স্পেনের সেভিল শহরে যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে ২৬ অক্টোবর ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। ‘দৃঢ় অংশীদারত্ব, যৌথ সমৃদ্ধি’ প্রতিপাদ্যে মেলাটির আয়োজন করেছে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
এ প্রদর্শনীর মূল লক্ষ্য স্পেনের প্রস্তুতকারক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকদের সংযোগ স্থাপন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্পেন সফর শেষে ২৯ থেকে ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন শামা ওবায়েদ ইসলাম। যুক্তরাজ্যে তাঁর কর্মসূচিতে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব বাড়ানো এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সম্ভাবনা খুঁজে বের করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সফর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকারের প্রতিফলন।


































