বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান তারেক রহমানের, আলোচনায় ৫টি গুরুত্বপূর্ণ খাত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান তারেক রহমানের, আলোচনায় ৫টি গুরুত্বপূর্ণ খাত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৯, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং জাপানি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

বিনিয়োগে অগ্রাধিকার পেতে পারে যেসব খাত
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণে জেটরোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানি বিনিয়োগের নতুন সুযোগ রয়েছে।

বিশেষ করে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানের বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী আরও বলেন, রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হলে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিতে গুরুত্ব
বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বৈঠকে উভয় পক্ষ একমত হয়।

এ ছাড়া বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মাধ্যমে জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি আরও শক্তিশালী করা সম্ভব বলে আলোচনা হয়।

বাংলাদেশকে বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বলছে জেটরো
জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে দেশটিকে বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরেন। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন উদ্যোগ জাপানি কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের আগ্রহ তৈরি করেছে।

বৈঠক শেষে কাতাওকা সুসুমুর আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময়ও দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জেটরোর প্রেসিডেন্টকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন যাঁরা
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুনঃ
Advertisement