দুর্নীতি ও ভুল সিদ্ধান্তে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি

দুর্নীতি ও ভুল সিদ্ধান্তে পিছিয়েছে স্বাস্থ্যখাত: রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৮, ২৭ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদী শাসন, সীমাহীন দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস আয়োজিত ‘বিএসসিআরএস কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করেছে। এ খাতে অগ্রযাত্রা অব্যাহত থাকলেও স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও জনমুখী করতে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

রাষ্ট্রপতির ভাষ্য, গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে দেশের অন্যান্য খাতের মতো স্বাস্থ্যখাতেও প্রত্যাশিত অগ্রগতি হয়নি। দেশের বিভিন্ন খাতে দুর্নীতি গভীরভাবে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দিয়েছে। তবে শুধু বরাদ্দ বাড়ানোই যথেষ্ট নয়; বরাদ্দের প্রতিটি অর্থের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা, যথাযথতা ও জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যখাতের অর্থ সঠিকভাবে ব্যয় করা গেলে চিকিৎসাসেবার মান বাড়বে এবং সাধারণ মানুষ উন্নত ও মানসম্মত সেবা পাওয়ার সুযোগ পাবেন।

স্বাস্থ্যসেবার মান বাড়াতে হাসপাতাল ব্যবস্থাপনা, চিকিৎসা অবকাঠামো এবং জনবল ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

উন্নত চিকিৎসার জন্য মানুষকে যেন অপ্রয়োজনীয়ভাবে বিদেশে যেতে না হয়, সে লক্ষ্যে দেশের চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। এ জন্য বিশেষায়িত চিকিৎসার অবকাঠামো উন্নয়ন, দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রসার ঘটাতে হবে। পাশাপাশি চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

বিশেষ করে কোলন ও রেক্টাল সার্জারির মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তাঁর মতে, এ খাতে সক্ষমতা বাড়ানো গেলে দেশের রোগীরা নিজ দেশেই উন্নত চিকিৎসা নিতে পারবেন।

শেয়ার করুনঃ
Advertisement