কুমিল্লা সীমান্তে পরিত্যক্ত বস্তায় মিলল বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন

কুমিল্লা সীমান্তে পরিত্যক্ত বস্তায় মিলল বিদেশি পিস্তল, ২ ম্যাগাজিন ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

Published : ১৬:২৪, ২৭ অক্টোবর ২০২৬

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভারতীয় সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিবিরবাজার বিওপির শাহাপুর পোস্টের টহল দল এ অভিযান পরিচালনা করে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সীমান্তসংলগ্ন এলাকা থেকে একটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তার ভেতরে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।

উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংস্থাটি আরও জানায়, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে মহাপরিচালকের নির্দেশ অনুযায়ী নিয়মিত অভিযান চলছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ কর্মকাণ্ড রোধে ১০ বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ
Advertisement