সংরক্ষিত নারী আসনে এলিজা জামানের মনোনয়ন বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে
Published : ১৫:৫০, ২৭ অক্টোবর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ের সব প্রক্রিয়া শেষে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনটিতে অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে বর্তমানে এ আসনে একমাত্র প্রার্থী এলিজা জামান।
নির্বাচনী বিধি অনুযায়ী, আপিলসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর এবং প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা পার হলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার সুযোগ রয়েছে।
রাজধানীর মিরপুরে একটি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন।
পরবর্তী সময়ে দলীয় সিদ্ধান্তে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে এ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।






























