বাংলাদেশের পাশে জাপান, সম্পর্ক জোরদারে আগ্রহী টোকিও

বাংলাদেশের পাশে জাপান, সম্পর্ক জোরদারে আগ্রহী টোকিও ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৬, ২৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল পৌনে ১২টায় টোকিওর প্রধানমন্ত্রীর কার্যালয় কানতেইতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সানায়ে তাকাইচি বলেন, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জাপান। দুই দেশের সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে তারেক রহমান ও সানায়ে তাকাইচির নেতৃত্বে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর তিনি গার্ড পরিদর্শন করেন। অনুষ্ঠানে দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।

পরে তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। সানায়ে তাকাইচিও তাঁর মন্ত্রিসভার সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। আনুষ্ঠানিকতা শেষে কানতেই ভবনের মূল কক্ষে প্রবেশপথে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান। এরপর দুই নেতা একান্ত বৈঠকে বসেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মঙ্গলবার দুপুরে কানতেইতে মধ্যাহ্নভোজের আয়োজন করেন সানায়ে তাকাইচি। মধ্যাহ্নভোজের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেবেন এবং শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করবেন। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন এবং পাল্টা শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করবেন।

শীর্ষ বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement