পড়াশোনা ও স্কলারশিপের খোঁজখবর নিয়ে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলার ৬৫তম আসর

পড়াশোনা ও স্কলারশিপের খোঁজখবর নিয়ে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলার ৬৫তম আসর ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার

Published : ১৮:৩৬, ২৭ অক্টোবর ২০২৬

উচ্চশিক্ষা, স্কলারশিপ ও বিদেশে পড়াশোনার সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম আসর। ‘ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনাল’-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই শিক্ষা মেলা আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের ধারণা দেওয়া এবং সঠিক দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে। মেলায় অংশ নেবে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি প্রতিষ্ঠান এবং আইইএলটিএসসহ বিভিন্ন ভাষা ও টেস্ট প্রস্তুতি কেন্দ্র।

এক ছাদের নিচে উচ্চশিক্ষা ও স্কলারশিপের তথ্য

মেলায় শিক্ষার্থীরা দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ, টিউশন ফি, স্কলারশিপ এবং উচ্চশিক্ষার বিভিন্ন বিকল্প সম্পর্কে তথ্য জানতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞ কাউন্সেলর ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে পছন্দের কোর্স নির্বাচন, ভিসা প্রক্রিয়া এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা, পেশাগত প্রশিক্ষণ এবং কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কেও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে। ফলে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের জন্য মেলাটি গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হয়ে উঠতে পারে।

বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ

আয়োজকদের পক্ষ থেকে শিক্ষা ও সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে স্টল বা প্যাভিলিয়নের মাধ্যমে নিজেদের সেবা ও তথ্য তুলে ধরার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ও স্টুডেন্ট ভিসা এজেন্সি, দেশি-বিদেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ, আইইএলটিএস ও স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ কেন্দ্র, প্রকাশনা সংস্থা ও শিক্ষাবিষয়ক বইয়ের দোকান।

এ ছাড়া ট্রাভেল ও এয়ার টিকিটিং এজেন্সি, ক্যারিয়ার কাউন্সেলিং ও স্কিল ট্রেনিং প্রতিষ্ঠান এবং ব্যাংক, মানি এক্সচেঞ্জ ও বিমা কোম্পানিগুলোও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রবেশ বিনামূল্যে, থাকছে অনলাইন নিবন্ধন

শিক্ষার্থী ও আগ্রহী অভিভাবকদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বিনামূল্যের প্রবেশ টিকিট সংগ্রহ করা যাবে।

আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেলাটি অনুষ্ঠিত হবে। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের ভিজিট করতে বলা হয়েছে fairconvener.com ওয়েবসাইটে।

আয়োজকদের প্রত্যাশা, উচ্চশিক্ষা, স্কলারশিপ এবং আন্তর্জাতিক কর্মজীবন গড়ার পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এই আয়োজন কার্যকর ভূমিকা রাখবে। কাঙ্ক্ষিত শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পেতে মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

শেয়ার করুনঃ
Advertisement