শেখ হাসিনার আপিলের সময় শেষ, আর সুযোগ নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সময় শেষ, আর সুযোগ নেই: আইনমন্ত্রী আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১৬:১৯, ১৪ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী, নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করলে পলাতক আসামির আর আপিলের সুযোগ থাকে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ফিরতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত ভারতের।

আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ ধরনের মামলায় আপিলের নির্ধারিত সময় পার হলে তা মওকুফের কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ ধরনের সুযোগ রাখা হয়নি। তাঁর ভাষ্য, শেখ হাসিনার সরকারই এই আইন প্রণয়ন করেছিল।

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ উপঅনুচ্ছেদের প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে মৌলিক অধিকারের দাবির সুযোগও সীমিত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে। এ ধারার উপধারা (১) অনুযায়ী, দণ্ডিত ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়া ও দণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারেন। তবে উপধারা (৩) অনুযায়ী, দণ্ডাদেশ, খালাসের আদেশ বা সাজা ঘোষণার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। ২০১৩ সালের সংশোধনীর মাধ্যমে ধারাটির বর্তমান বিধান যুক্ত করা হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তাঁর ভাষ্য, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে এবং তাদের কাজে সরকার হস্তক্ষেপ করবে না। তদন্তের প্রয়োজনে তারা যে ধরনের সহযোগিতা চাইবে, সরকার তা দেবে।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। সরকার তাদের কাজে হস্তক্ষেপ করবে না।

সাক্ষী সুরক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিষয়টি সরকার পর্যালোচনা করছে।

শেয়ার করুনঃ
Advertisement