গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ইনডিপেনডেন্ট টিভির দুই সাংবাদিক
Published : ১৫:১৮, ১২ নভেম্বর ২০২৬
চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও দুই দেশের বন্ধুত্ব নিয়ে মানসম্মত সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬’ পেয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিক।
এবার ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া বিভাগে দ্বিতীয়বারের মতো এ সম্মাননা অর্জন করেছেন ওয়ালিউল বিশ্বাস। অন্যদিকে প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে পুরস্কার পেয়েছেন মো. তৌহিদুল ইসলাম তুষার।
প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও সনদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, এ পুরস্কার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে। দায়িত্বশীল গণমাধ্যম দুই দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া অর্থনীতি ও কূটনীতি; ক্রীড়া, বিনোদন, ভ্রমণ ও অন্যান্য বিভাগেও পুরস্কার দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্যও ছিল বিশেষ সম্মাননা।
অনুষ্ঠানটির আয়োজন করে সিএমজি ঢাকা স্টুডিও ও আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশে চীনের দূতাবাস।































