শ্রম অসন্তোষে রোববার থেকে আশুলিয়া-সাভারের পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত
Published : ১৭:৩৬, ১৪ নভেম্বর ২০২৬
শ্রম অসন্তোষ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানাগুলো বন্ধ রাখতে পারেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এ তথ্য জানান।
এর আগে দুপুর ১২টার পর বিজিএমইএর কার্যালয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, সভায় অংশ নেওয়া অধিকাংশ সদস্যই মনে করেন, কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বন্ধ রাখার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন মালিকরা।
তিনি আরও বলেন, চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো ১৫ নভেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ রাখতে বাধ্য হতে পারেন মালিকরা।
মাহমুদ হাসান খান বাবু বলেন, আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানাগুলো দেশের জাতীয় অর্থনীতি ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্প এবং এর সঙ্গে যুক্ত লাখো মানুষের কর্মসংস্থান রক্ষা করা সবার দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করবে। পাশাপাশি সংকট সমাধানে মালিক, শ্রমিক, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কারখানা বন্ধের সিদ্ধান্তের ব্যাখ্যায় বিজিএমইএ সভাপতি বলেন, কোনো বাণিজ্য সংগঠন চাইলেই শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ করতে পারে না। বরং বিশৃঙ্খল পরিস্থিতিতে উৎপাদন চালাতে না পারায় সংশ্লিষ্ট কারখানার মালিকরা নিজেরাই বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।
তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানাগুলো চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।
কারখানা বন্ধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, শনিবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। এদিন আরও ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন চালাতে পারেনি। এসব কারখানার কোনোটি চাইলে রোববার থেকে ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করতে পারে।
বিজিএমইএ সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার মোট ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়নি। সংগঠনটির হিসাবে, একটি কারখানায় গড়ে প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। সে হিসাবে এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।


































