রাজনীতি ‘মোনাফেকের হাতে’: উমামা ফাতেমা

রাজনীতি ‘মোনাফেকের হাতে’: উমামা ফাতেমা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৭, ১ অক্টোবর ২০২৬

দেশের রাজনীতি ‘একদল মোনাফেকের হাতে পড়ছে’ বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে দেশের সাম্প্রতিক রাজনীতি, জুলাই আন্দোলনের নেতৃত্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গঠন এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর ভূমিকা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

উমামা ফাতেমার দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থাকা অনেক ব্যক্তি পরবর্তী সময়ে নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছেন। এ প্রসঙ্গে তিনি সালাউদ্দীন আম্মারের নাম উল্লেখ করেন।

জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ছাত্র সংগঠনকে বাদ দিয়ে শিবির ও ছাত্রশক্তির সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর লোকজনকে সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও অভিযোগ করেন উমামা। তাঁর ভাষ্য, এর ফলেই ৫ আগস্টের পর অনেক নতুন মুখ আন্দোলনের নেতৃত্ব ও রাজনৈতিক পরিসরে প্রভাবশালী হয়ে ওঠেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়েও উদ্বেগ জানান তিনি। উমামার অভিযোগ, পর্দার আড়ালে থাকা বিভিন্ন স্বার্থগোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ‘ম্যানুফ্যাকচারড কনসেন্ট’ বা কৃত্রিম জনসম্মতি তৈরি করছে এবং নির্দিষ্ট ব্যক্তিদের তরুণদের কাছে ‘হিরো’ হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে।

তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তৈরি করা এসব চরিত্র তরুণদের রাজনৈতিক সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারের উদাহরণ টেনে উদ্বেগ প্রকাশ করেন।

বর্তমান পরিস্থিতির পেছনে মধ্যবিত্ত শ্রেণির দীর্ঘদিনের রাজনীতিবিমুখ মানসিকতাকেও দায়ী করেন উমামা। তাঁর মতে, ‘I hate politics’ ধরনের মানসিকতার সুযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব মিলেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়েও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে দাবি করেন উমামা। জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, দলটি তাদের অতীতের ‘গণহত্যার কালিমা’ ঢাকতে দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত।

উমামার এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া রাজনৈতিক মন্তব্য ও অভিযোগ; সংশ্লিষ্ট পক্ষগুলোর পাল্টা বক্তব্য এই পোস্টে উল্লেখ করা হয়নি।

শেয়ার করুনঃ
Advertisement