‘তোরা আমাকে ভালো হতে দিলি না’—সালমান মুক্তাদিরের পোস্ট ঘিরে নেটদুনিয়ায় আলোচনা
Published : ১৫:৫২, ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দুদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। তবে এবার বড় কোনো মন্তব্য না করে এক লাইনের পোস্ট দিয়েছেন তিনি। আর সেই পোস্ট ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও নানা জল্পনা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে সালমান লেখেন, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’। তাঁর এই সংক্ষিপ্ত বক্তব্যের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীদের নানা প্রতিক্রিয়া দেখা যায়।
কেউ তাঁকে সাহস জুগিয়েছেন, কেউ পরামর্শ দিয়েছেন, আবার কেউ রসিকতা করেছেন। একজন লিখেছেন, ‘ভালোর দাম নাই ভাই, তুমি খারাপই থাকো।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘খেলা তাহলে দেখিয়ে দাও ওদের।’
কেউ কেউ সমঝোতার প্রসঙ্গও তুলেছেন। একজন লিখেছেন, ‘কেউ কি সমঝোতা করতে এসেছে? না হলে কিন্তু পুরো বাঁশ প্রস্তুত হচ্ছে।’ আরেকজনের মন্তব্য, ‘ভাল মানুষ হওয়ার থেকে সত্যবাদী হওয়া বেশি জরুরি।’
সালমানের পাশে দাঁড়িয়েও মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।’ আরেকজন বলেছেন, ‘সমস্যা নেই, যত বিপদ তত উপরে ওঠার সিঁড়িগুলো ছোট হয়ে যায়।’
পোস্টে ‘ভালো হওয়া’ প্রসঙ্গ ধরে মজাও করেছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘ভালো হয়ে কী লাভ হয়েছে বলেন ভাই!’ আরেকজন তাঁকে মেয়র পদে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন। কেউ কেউ আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা বলেছেন। একজন লিখেছেন, ‘ভালো মানুষের ভাত নেই, আগের অবস্থায় ফিরে যান।’ আরেকজন জানতে চেয়েছেন, ‘তাহলে আগের চরিত্রটা কবে দেখতে পাব?’
এ ছাড়া সালমানের পোস্টে সম্ভাব্য নতুন কোনো ঘটনার ইঙ্গিত খুঁজেছেন কয়েকজন। একজন লিখেছেন, ‘আরেকটা বিস্ফোরণ আসছে?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ট্র্যাজেডিকে প্রচারণায় রূপ দিচ্ছে। তোমরা চমকের জন্য প্রস্তুত থাকো।’
এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওও।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।


































