রকেট হামলায় ২০ ইরানি ভলিবল খেলোয়াড় নিহত হওয়ার দাবি

রকেট হামলায় ২০ ইরানি ভলিবল খেলোয়াড় নিহত হওয়ার দাবি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩৩, ২ মার্চ ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর লামের্দে একটি স্পোর্টস হলে রকেট হামলার ঘটনায় অন্তত ২০ জন ভলিবল খেলোয়াড় নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম এসএনএন টেলিভিশন। খবরটি প্রকাশ করেছে অনলাইন পোর্টাল মডার্ন ডট এজেড।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ফার্স প্রদেশের বিভিন্ন এলাকায় মোট চারটি রকেট আঘাত হানে। এর মধ্যে লামের্দ শহরের একটি স্পোর্টস হল সরাসরি হামলার শিকার হয়। ওই সময় সেখানে ভলিবল খেলোয়াড়দের অনুশীলন ও প্রশিক্ষণ কার্যক্রম চলছিল। ফলে হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা দায় স্বীকার করা হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটির তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। হামলার উৎস, উদ্দেশ্য এবং প্রকৃত দায়ীদের শনাক্ত করতে নিরাপত্তা বাহিনী কাজ করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement