সংস্কারকাজের সময় দীর্ঘায়িত হবে: বদিউল আলম
Published : ১৭:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২৪
অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কারকাজের সময় দীর্ঘায়িত হবে উল্লেখ করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, এ নিয়ে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে সংলাপ হবে। একটা রোডম্যাপ তৈরি করে তার ভিত্তিতে বোধ হয় সম্মিলিতভাবে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।
বার্তা সংস্থা রয়টার্সকে সেনাপ্রধান বলেছেন, দেড় বছরের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে। এই সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব কি না? সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, এটা আমার জানার কথা নয়। আমার ধারণা, সরকার ও রাজনৈতিক দলের মধ্যে আলাপ-আলোচনার মধ্য দিয়েই এটা নির্ধারিত হবে। আমার এ ব্যাপারে কিছুই করার নেই।
নির্বাচন কমিশনের কী কী সংস্কার করছেন- এমন প্রশ্নে বদিউল আলম মজুমদার বলেন, সব নির্বাচনী ব্যবস্থা নিয়ে, নির্বাচনী ব্যবস্থার সব দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে সুপারিশ প্রণয়ন করব। এটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের নয়। ৯০ দিন আমাদের সময় দেয়া হয়েছে।
সংবিধান, নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিশনগুলো অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে। আর কাজ শেষে তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে আশা করছে সরকার।
বিডি/এন


































