কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
Published : ১১:৫২, ১২ নভেম্বর ২০২৬
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি প্যাভিলিয়নটি পরিদর্শন করেন। এ সময় সেখানে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন এবং পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
প্যাভিলিয়নে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যসহ অন্যান্য প্রদর্শনীর বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
এ সময় প্যাভিলিয়নে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্যাভিলিয়নের সামগ্রিক কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ ও অর্জন তুলে ধরার বিষয়ে খোঁজখবর নেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক এই সম্মেলনে অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।































