রাবির পাঁচ শিক্ষককে ‘সর্বহারা’ পরিচয়ে প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি
Published : ১২:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচ শিক্ষককে ‘সর্বহারা’ পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন।
হুমকি ও চাঁদা দাবির শিকার শিক্ষকদের মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন এবং কৌশিক সরকার।
অধ্যাপক শাহরিয়ার হোসেন জানান, তাকে ফোন করে কারাগারে থাকা কয়েকজন কর্মীর জামিনের খরচ বহনের কথা বলে অর্থ দাবি করা হয়। প্রথমবার ফোন এলে ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি তিনি। পরে প্রায় দুই ঘণ্টা পর আবার ফোন করে দীর্ঘ সময় কথা বলে কলদাতা।
শাহরিয়ার হোসেনের ভাষ্য, ওই ব্যক্তি জানতে চান তিনি কত টাকা দিতে পারবেন। একপর্যায়ে নিজেকে সিরাজ শিকদারের ছোট ভাই হিসেবেও পরিচয় দেন কলদাতা।
ঘটনার পর নিরাপত্তার জন্য মতিহার থানায় জিডি করেন অধ্যাপক শাহরিয়ার। তিনি জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করলে প্রক্টর মাহবুবুর রহমান তাকে বলেন, একই ধরনের প্রতারণামূলক ফোন কয়েকদিন পরপর বিভিন্ন শিক্ষকের কাছেও আসছে।
অধ্যাপক শাহরিয়ার আরও জানান, পুলিশের মাধ্যমে ফোন নম্বরের অবস্থান শনাক্ত করে জানা গেছে, কলটি মাদারীপুর থেকে করা হয়েছিল। যে সিম থেকে ফোন দেওয়া হয়, সেটি ‘মুফতি রেজাউল করিম’ নামে নিবন্ধিত বলে তিনি জানতে পেরেছেন।
অন্য ভুক্তভোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ফোনে তাকে ‘সর্বহারা’ পরিচয় দেওয়ার পর তিনি বেশি কথা না বাড়িয়ে কলটি কেটে দেন। পরে তিনি জানতে পারেন, বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষক একই ধরনের ফোন পেয়েছেন।
মতিহার থানার ওসি আরজুন জানান, এ ধরনের অভিযোগ থানায় এসেছে এবং এ ঘটনায় জিডিও করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।


































