সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ

সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০০, ২২ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম।

পোস্টে তিনি জানান, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। তাঁর দাবি, হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে।

সাদিক কায়েম আরও দাবি করেন, আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়। এতে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।

ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর হামলা, হুমকি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন। তবে এ ধরনের হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড তাঁদের আন্দোলন দমাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম আরও বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য, মামলা বা অভিযুক্তদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement