মিস ইউনিভার্সে মাহির সাজে বাংলার ঐতিহ্য
Published : ১২:৪৩, ২২ নভেম্বর ২০২৬
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও মাতৃত্বের চিরন্তন বন্ধন তুলে ধরেছেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত প্রতিযোগিতার ন্যাশনাল কস্টিউম পর্বে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি শাড়ি, সাবেকি সোনালি গয়না ও মাতৃত্বের গল্পনির্ভর বিশেষ শিল্পকর্মে নজর কেড়েছেন তিনি।
বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর ৫টায় জাতীয় পোশাক পর্বে মঞ্চে উপস্থিত হন মাহি। তাঁর পোশাকের মূল ভাবনা ছিল ‘মাতৃত্ব ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’। দেশীয় ঐতিহ্যের পাশাপাশি মায়ের ভালোবাসা ও প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত মমতার বার্তা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
মাহির পরনে ছিল লাল-সাদা রঙের কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়ি। পোশাকটির নকশা করেছেন ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার। ১৬ গজ সুতির খাদি কাপড় দিয়ে তৈরি শাড়িটি মঞ্চে স্বাচ্ছন্দ্যে চলাফেরার সুবিধার্থে রেডি-টু-ওয়্যার পদ্ধতিতে প্রস্তুত করা হয়। শাড়ির পাড়ে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শাপলা ফুলের নকশা। পাশাপাশি রয়েছে ব্লকপ্রিন্টের কাজ।
তবে মাহির পোশাকের সবচেয়ে ব্যতিক্রমী অংশ ছিল পিঠে থাকা বৃত্তাকার শিল্পকর্ম। এতে একজন নারীর জীবনের বিভিন্ন পর্যায়—শৈশবে মেয়েশিশু হিসেবে বেড়ে ওঠা, মাতৃত্বের স্বাদ গ্রহণ এবং বার্ধক্যে মেয়ের কোলে আশ্রয় নেওয়ার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এর মাধ্যমে মা ও সন্তানের মধ্যকার চিরন্তন ভালোবাসা এবং প্রজন্মান্তরে বয়ে চলা মমতার গল্প তুলে ধরা হয়েছে।
ডিজাইনার বিশ্বজিৎ মজুমদার জানান, পুরো পোশাক ও শিল্পকর্ম তৈরির জন্য তিনি মাত্র তিন দিন সময় পেয়েছিলেন। এর মধ্যে দুই দিন ব্যয় হয়েছে পিঠের বৃত্তাকার শিল্পকর্মটি তৈরিতে। বাকি এক দিনেই সম্পন্ন করেন শাড়ির কাজ।
সাবেকি গয়নায় ফুটে উঠল বাংলার ঐতিহ্য
শাড়ির সঙ্গে মাহির সাজে যুক্ত হয়েছিল বাংলার ঐতিহ্যবাহী অলংকারের আদলে তৈরি সোনালি গয়না। সীতাহার, কণ্ঠহার, বালা ও কাঁটানা ঝুমকার মতো প্রচলিত অলংকার থেকে অনুপ্রেরণা নিয়ে এসব গয়নার নকশা করেছেন ডিজাইনার তন্বী কবির।
গয়নাগুলো তৈরিতে সাত দিন কাজ করেছেন নয়জন কারিগর। সব মিলিয়ে ব্যয় হয়েছে ৮৮০ কর্মঘণ্টা। প্রতিটি অলংকারই হাতে তৈরি করা হয়েছে নিখুঁত কারুকাজে।
এদিকে শেষ মুহূর্তে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ায় জাতীয় পোশাক সঙ্গে নিয়ে যাওয়ার সুযোগ পাননি মাহি। তাঁর পোশাক ও প্রস্তুতির ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা। মাহির ভাষ্য, মিথিলার সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পেরেছেন তিনি।
































