এলডিসি উত্তরণে টেকসই শাসনব্যবস্থা জরুরি: ওয়াহিদউদ্দিন মাহমুদ
Published : ১৩:০৯, ২২ নভেম্বর ২০২৬
রাজনৈতিক পরিবর্তন ও শাসনব্যবস্থার ঘনঘন রদবদলের কারণে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বারবার বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে একটি টেকসই ও ধারাবাহিক শাসনব্যবস্থা গড়ে ওঠেনি। রাজনৈতিক বিপর্যয় ও শাসনব্যবস্থার পরিবর্তন দেশের উন্নয়নের পথে বড় ধরনের বাধা তৈরি করছে।
শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি দল।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি কার্যকর ও বাস্তবসম্মত গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ বর্তমান অবস্থার তুলনায় আরও অনেক বেশি উন্নতি করতে পারত। কিন্তু কিছুদিন পরপর রাজনৈতিক বিপর্যয় ও শাসনব্যবস্থার পরিবর্তন ঘটলে অর্থনীতির স্বাভাবিক গতি ব্যাহত হয়।
তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য একটি জাতীয় ইস্যু। এ উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তরের পাশাপাশি দেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে হবে। এ জন্য দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠা জরুরি।
রাজনৈতিক অস্থিরতার প্রভাব তুলে ধরে তিনি বলেন, ঘনঘন রাজনৈতিক বিপর্যয় উদ্যোক্তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে। এতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হয়, যা অর্থনীতির কাঙ্ক্ষিত অগ্রগতিকে ব্যাহত করতে পারে। টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে এলডিসি উত্তরণের সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানো সম্ভব হবে।
তৈরি পোশাক খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, পোশাক খাতের সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এ খাতে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। আলোচনার মাধ্যমে স্বচ্ছতা ও পারস্পরিক বোঝাপড়া তৈরি করা গেলে এসব সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, সব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে শ্রমিকেরাও বুঝতে পারবেন, শিল্পটিকে টেকসই রাখা তাঁদের নিজেদের স্বার্থের সঙ্গেও জড়িত। কারণ, পোশাকশিল্প সংকটে পড়লে তার নেতিবাচক প্রভাব শ্রমিকদের ওপরও পড়বে।
জাতীয় জীবনে সুস্থ বিতর্কের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সমাজে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভাজন, বিরোধ ও মতপার্থক্য বাড়ছে। এ পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে হলে শুধু নিজের মত প্রকাশ করলেই চলবে না, বিপক্ষের যুক্তিও মনোযোগ দিয়ে শুনতে হবে। সমাজকে আরও যুক্তিবাদী হতে হবে এবং ভিন্নমতসহ সবার মতামতকে যথাযথ মর্যাদা দিতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।





























