নতুন ছয় গানে শুভ-কানিজ ফাতেমার জুটি
Published : ০১:৩৪, ২২ নভেম্বর ২০২৬
ছয়টি নতুন রোমান্টিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন সংগীতশিল্পী শুভ ও কণ্ঠশিল্পী-উপস্থাপিকা কানিজ ফাতেমা। এরই মধ্যে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এবার গানগুলো মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন দুই শিল্পী। ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে ছয়টি গানের মধ্যে তিনটির মিউজিক ভিডিওর শুটিং হবে ইউরোপের বিভিন্ন মনোরম লোকেশনে।
নতুন গানগুলোর মধ্যে রয়েছে ‘থাকলে তুই কাছে’, ‘ভালোবাসি তোকে’ ও ‘আমায় আগলে রেখো ভালোবেসে’। বাকি গানগুলোর শিরোনামও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে। ছয়টি গানেই শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কানিজ ফাতেমা। গানগুলোর কথা লিখেছেন শুভ নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক কাউসার খান।
নতুন গান প্রসঙ্গে কানিজ ফাতেমা বলেন, ‘শুভর সঙ্গে বেশ কিছু রোমান্টিক দ্বৈত গান করেছি। ছয়টি গানেই ভিন্ন ধরনের আবহ রাখার চেষ্টা করা হয়েছে। গানের কথা, সুর ও সংগীতায়োজন—সবকিছু মিলিয়ে চমৎকার কিছু কাজ হয়েছে। বিশেষ করে শুভর গায়কী আমার খুব ভালো লেগেছে। তার কণ্ঠ সত্যিই অসাধারণ। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে এবং আমাদের নতুন জুটি দর্শকদের ভালোবাসা পাবে।’
তিনি আরও বলেন, ‘গানের পাশাপাশি উপস্থাপনা ও মডেলিং করতেও আমার ভালো লাগে। আমরা শিগগিরই ইউরোপে যাচ্ছি। লন্ডন, সুইজারল্যান্ড ও ফ্রান্সের মনোরম লোকেশনে তিনটি গানের মিউজিক ভিডিওর শুটিং হবে। আশা করছি, দর্শকদের জন্য ভালো কিছু উপহার দিতে পারব।’
অন্যদিকে শুভ বলেন, ‘মুম্বাইয়ের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল এবং বাংলাদেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিসহ দেশ-বিদেশের অনেক শিল্পীর সঙ্গে গান করার অভিজ্ঞতা হয়েছে। তবে কানিজ ফাতেমার কণ্ঠ আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে। আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি।’
শুভ আরও জানান, কানিজ ফাতেমা শুধু সংগীতশিল্পীই নন, উপস্থাপনা ও মডেলিংয়ের সঙ্গেও যুক্ত। তাই ছয়টি গানের মিউজিক ভিডিওতে দুজনকেই পর্দায় দেখা যাবে। ভিডিওগুলো পরিচালনা করবেন চন্দন রায় চৌধুরী।
শিগগিরই গানগুলো একটি ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা হবে। এর আগে শুভ একাধিক গান উপহার দিয়ে শ্রোতাদের প্রশংসা পেয়েছেন। এবার কানিজ ফাতেমার সঙ্গে ছয়টি নতুন রোমান্টিক গানের এই জুটি শ্রোতাদের কতটা মুগ্ধ করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

































