বৈশাখী টিভির ডিএমডি টিপুকে ১০ ঘণ্টা পরও ছাড়েনি পুলিশ, ‘নিরাপত্তা হেফাজত’ নিয়ে প্রশ্ন
Published : ০২:১৭, ২২ নভেম্বর ২০২৬
বৈশাখী টেলিভিশনের অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে চ্যানেলটির কার্যালয়ে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এ ঘটনার মধ্যে শনিবার বিকেলে টেলিভিশনটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে ‘নিরাপত্তার স্বার্থে’ পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে হেফাজতে নেওয়ার প্রায় ১০ ঘণ্টা পরও তাঁকে ছেড়ে দেওয়া হয়নি।
শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির কর্মীদের অভিযোগ, বহিরাগত কয়েকজন ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কর্মীদের সঙ্গে তাঁদের হট্টগোল ও ধস্তাধস্তি হয়। পরে বনানী থানা-পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
বৈশাখী টেলিভিশনের সাংবাদিকদের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির বোর্ড সভা হওয়ার কথা ছিল। সভার সদস্যরা কার্যালয়ে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পান। সেখানে উপস্থিত বহিরাগত ব্যক্তিরা তাঁদের জানান, অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে জিম্মি করে রাখা হয়েছে। পরে নাহিয়ানকে সামনে আনার অনুরোধ করা হলে তিনি এসে ডিএমডির সঙ্গে চাকরি ছাড়ার নির্দেশনা নিয়ে বিরোধের কথা জানান। তবে তাঁকে জিম্মি করে রাখার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। এ সময় বহিরাগত কয়েকজন ব্যক্তি টিপু আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি মামলা থাকার কথা উল্লেখ করেন। তবে ওই মামলা থেকে তিনি আগেই অব্যাহতি পেয়েছেন বলে জানানো হয় এবং এ-সংক্রান্ত প্রমাণও দেখানো হয়। এরপর পুলিশ ‘নিরাপত্তা দেওয়ার’ কথা বলে তাঁকে হেফাজতে নিয়ে যায়।
সূত্র জানায়, টিপু আলমকে প্রথমে গুলশান থানায় নেওয়া হয়। পরে সেখান থেকে বনানী থানা এবং এরপর ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়। একপর্যায়ে ক্যান্টনমেন্ট থানা থেকে কোতোয়ালি থানায় যোগাযোগ করে তাঁর বিরুদ্ধে থাকা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর অনুরোধ করা হয়। তবে কোতোয়ালি থানা থেকে জানানো হয়, ওই মামলা থেকে তিনি আগেই অব্যাহতি পেয়েছেন।
এরপরও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। সূত্রের দাবি, রাত ১টার সময়ও টিপু আলম ক্যান্টনমেন্ট থানায় ছিলেন। তাঁর বিষয়ে জানতে পুলিশের গুলশান বিভাগের একাধিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁদের মুঠোফোনে বার্তাও পাঠানো হয়। তবে কেউ সাড়া দেননি।
এর আগে বিকেলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওই অফিসে অজ্ঞাত বহিরাগত লোকজন গিয়ে বিশৃঙ্খলা করছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে পুলিশ হেফাজতে নিয়েছি।’
নাহিয়ানের ফোনে যান বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা
বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, শনিবার বেলা দুইটার দিকে অনলাইন বিভাগের প্রধান এইচ এম নাহিয়ানকে চাকরি ছেড়ে দিতে বলেন ডিএমডি টিপু আলম। এ ঘটনার পর নাহিয়ান ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মীকে ডেকে আনেন বলে তাঁর দাবি। পরে তাঁরা ডিএমডিকে তুলে নেওয়ার চেষ্টা করলে প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে হট্টগোল ও বিশৃঙ্খলা তৈরি হয়। এ সময় টেলিভিশন কার্যালয়ের প্রধান ফটকের বাইরেও লোকজন জড়ো হন। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পরে বনানী থানা-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে এইচ এম নাহিয়ান বলেন, ‘একটি ফটোকার্ড প্রচার করা নিয়ে তাঁর (ডিএমডি) সঙ্গে আমার বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তিনি আমাকে চাকরি ছেড়ে দিতে বলেন। এরপর আমি স্যালারি বুঝিয়ে দিতে বললে তিনি মানবসম্পদ বিভাগে (এইচআর) যেতে বলেন। আমি সেখানে গেলে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন দায়িত্বরত কর্মকর্তা। এরপর ওই কর্মকর্তা ডিএমডির রুম থেকে ফিরে আমাকে বহিরাগতদের বিশৃঙ্খলার কথা জানান। তবে আমি এসব লোকজন জমায়েত করিনি।’
টেলিভিশন কার্যালয়ে যাওয়া ব্যক্তিদের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম আজাদ। সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বৈশাখী টিভির নাহিয়ান ছাত্রদল করত। তাকে সে (ডিএমডি টিপু) সাসপেন্ড করে দিচ্ছে, এমন খবর আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা মিশুকে জানায়। এরপর মিশু ওখানে যায় টিপুকে ধরতে, কারণ তার নামে বৈষম্যবিরোধী মামলা আছে। এ সময় হাতাহাতি-ধস্তাধস্তিতে আমাদের বেশ কয়েকজন আহত হয়। এর পরিপ্রেক্ষিতেই গন্ডগোলটা হয়।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘আমাকে নাহিয়ান ফোন দিয়ে যেতে বলে। ফোন পেয়ে আমি দ্রুত দৌড়ে যাই এবং গিয়ে দেখি বহু ছেলেপেলে জমে গেছে। আমি বুঝি এটা একটি সংবাদমাধ্যমের বিষয়; তাই এখানে কোনো ঝামেলা বা বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। উপস্থিত সবাই খুব উগ্র অবস্থায় ছিল এবং ভাঙচুর করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি দলের ভাবমূর্তি রক্ষায় বৈশাখী টিভির পক্ষ নিয়ে দাঁড়িয়েছিলাম, যেন মিডিয়া অফিসে কোনো গন্ডগোল বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’





























