জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান গোলাম পরওয়ারের

জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান গোলাম পরওয়ারের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি প্রতিবেদক

Published : ১০:১২, ২২ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জুলাই জাতীয় সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি গণভোটের রায় মেনে সংস্কার পরিষদের শপথ গ্রহণেরও দাবি জানিয়েছেন।

শনিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন-সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা মহানগর জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংবিধান সংশোধন কমিটির কোনো মূল্য নেই। গণভোটের রায় মেনে নিয়ে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। তাঁর ভাষ্য, গণভোটের রায় বাস্তবায়ন করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে জামায়াত।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা অতীতেও দেখেছেন, তবে রাস্তাঘাট অবরোধ, গাছপালা কেটে ফেলা, বাড়িঘরে আগুন দেওয়া, হাসপাতাল ও থানায় হামলার মতো ঘটনা আগে এভাবে দেখেননি। তাঁর অভিযোগ, সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা প্রয়োজন কি না, তা প্রধানমন্ত্রীকে ভেবে দেখার আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বিবেচনার সময় এসেছে। একই সঙ্গে সরকারের উদ্দেশে তিনি বলেন, জামায়াত সরকারকে ব্যর্থ দেখতে চায় না এবং সরকারকে পদত্যাগের আহ্বানও জানায়নি। তবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

জুলাই জাতীয় সনদকে ঐক্যের ভিত্তি উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সরকার এই সনদকে অগ্রাহ্য করায় ঐক্যের মূল ভিত্তি দুর্বল হচ্ছে।

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়-সংক্রান্ত বাতিল অধ্যাদেশ পুনরায় চালু এবং গুম-খুন কমিশন ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। সনদ বাস্তবায়িত হলে কোনো অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্য নেতারা।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন মোড় ও বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুনঃ
Advertisement