হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, মোট ১,৩৫২

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, মোট ১,৩৫২ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫১, ২২ নভেম্বর ২০২৬

দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।

রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা গেছেন নয়জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনায় একজন করে রয়েছেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল।

এদিকে, একই সময়ে নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ হাজার ১৬২ জন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন রয়েছেন।

নতুন সন্দেহজনক রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫০৩ জন ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২৮, সিলেটে ১৫৮, বরিশালে ১০০, ময়মনসিংহে ৫৩, খুলনায় ৪৯, রংপুরে ৩৬ এবং রাজশাহীতে ৩৫ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ জনের শরীরে। সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৪ জন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৯৮৭ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৫৬০ জন। এরপর সিলেটে ২২২, চট্টগ্রামে ১২৮, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৬১ এবং রংপুরে ১৮ জন মারা গেছেন।

অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর ক্ষেত্রেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে মারা গেছেন ৬৮ জন। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement