এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি
Published : ১২:৪৩, ৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যদি মানুষকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে পুরো সভ্যতা সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী দিনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এআই। তবে প্রযুক্তিটি যেন কোনোভাবেই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেদিকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এআই বিজনেস সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, “বিশ্ব মহাপরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে আছে, যার মূল অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।”
তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান সৈনিক উল্লেখ করে রাষ্ট্রপতি ব্যবসায়ীদের প্রতি এআইকে শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে বিবেচনা না করার আহ্বান জানান। বরং নতুন পণ্য ও সেবা সৃষ্টি, বাজার সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
এআইয়ের সুফল পেতে তরুণ সমাজকে প্রযুক্তিতে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এআইয়ের নিরাপদ ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপর জোর দেন। তার মতে, আগামীর বিশ্বে বাংলাদেশের অবস্থান নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা।






























