খানজাহান আলীর মাজার জিয়ারতে বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী

খানজাহান আলীর মাজার জিয়ারতে বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি

Published : ১২:৪৯, ৫ নভেম্বর ২০২৬

মোংলা বন্দরে উন্নয়নমূলক কর্মসূচি শেষে বাগেরহাট শহরের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে ফকিরহাটের কাটাখালী এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মোংলা থেকে বাগেরহাট শহর পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাঁকে একনজর দেখতে ও স্বাগত জানাতে সড়কের বিভিন্ন স্থানে ভিড় করেছেন সাধারণ মানুষ। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে সফর ঘিরে সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

মাত্র ১৪ দিনের ব্যবধানে আবারও বাগেরহাট সফরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা গেছে।

সফরসূচি অনুযায়ী, কাটাখালীতে সংক্ষিপ্ত পথসভা শেষে প্রধানমন্ত্রী বাগেরহাট শহরে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে পৌঁছে জিয়ারত করবেন। এরপর সড়কপথে খুলনার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের পাশাপাশি বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নেও নতুন গতি আসবে।

শেয়ার করুনঃ
Advertisement