আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১২:৩৫, ৫ নভেম্বর ২০২৬

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। সকাল ১১টা ৫৫ মিনিটে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তিনি। পরে বিচারিক হাকিম মাহফুজুর রহমান তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করে জানান, আগের দিন আদালত তার মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়।

গত বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তার আইনজীবীর পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলেও আদালত তা গ্রহণ করেননি। পরে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত।

এর আগেও একই মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। গত বছরের ২৬ জানুয়ারি মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সেদিন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement