জবি ক্যাফেটেরিয়া থেকে ৭ লাখ টাকা বাকি খেয়েছে ছাত্রলীগ 

জবি ক্যাফেটেরিয়া থেকে ৭ লাখ টাকা বাকি খেয়েছে ছাত্রলীগ 

ক্যাম্পাস প্রতিনিধি:

Published : ১৪:৪৯, ৩ অক্টোবর ২০২৪

গত আড়াই বছরেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ৭ লাখ টাকা বাকি খেয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত আড়াই বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যানটিন থেকে ৭ লাখ টাকার মতো ফাউ খেয়েছে। পরবর্তী সময়ে আর টাকা দেয়নি। এখন তাদের সবাই পলাতক, ক্যাম্পাসে আসেন না। 

ক্যাফেটেরিয়ার হিসাব থেকে জানা গেছে, ক্যাফেটেরিয়ায় জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির নামে বাকি রয়েছে ১ লাখ ৮৮ হাজার টাকা এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নামে বাকি রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।

এছাড়া বাকির হিসাবে রয়েছে ছাত্রলীগের আরও অন্তত ৫ নেতাকর্মীদের নামে। শাখা ছাত্রলীগের সভাপতির মাই ম্যান খ্যাত রবিউল ইসলাম রবির নামে বাকি ৫২ হাজার টাকা।

সাধারণ সম্পাদক আক্তার হোসানের গ্রুপ লিডার খ্যাত মিরাজের নামে বাকি রয়েছে ৭৫ হাজার টাকা, সহসভাপতি মেহেদী হাসান বাবুর নামে বাকি ৫৫ হাজার টাকা। 

সাধারণ সম্পাদক প্যানেলের আরো ২ নেতা তামিম ও সাজবুলের নামে বাকি রয়েছে ১২ হাজার ও ৯ হাজার টাকা। ছাত্রলীগের এই ৭ নেতাকর্মীদের নামে বাকি সর্বমোট ৬ লাখ ৪১ হাজার টাকা। 

ক্যাফেটেরিয়া পরিচালক বলেন, দীর্ঘদিন বাকি খেয়েছে তারা। টাকা দেবে দেবে করে আর দেয়নি। এর বাইরে আরও অনেকে আছে যারা টুকটাক খেয়েছে, তার হিসাব নেই। খেয়ে তারা টাকা দিত না, আবার খাবার দিতে দেরি হলেও ক্যানটিনের ওয়েটারদের মারধরও করেছে সাজবুলসহ বেশ কয়েকজন।

তিনি জানান, ক্যাফেটেরিয়ার পরিচালনা বাবদ সপ্তাহে খরচ হয় ৩৯ হাজার ৭৫০ টাকা, মাসে ১ লাখ ৫৯ হাজার টাকা। মালামাল বাবদ খরচ তো আছেই। তার উপর এত টাকা বাকি।

যেখান থেকে আমি মালামাল কিনি, সেখানেও আমার ধার করে কেনা লাগে। এত টাকা এখন কীভাবে উঠাব আর কীভাবে আমি এই লস পূরণ করব?

এ বিষয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদককে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। বিষয়টি সত্য হলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা রেগুলার স্টুডেন্ট হলে তাদের থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা হবে এবং প্রশাসনিকভাবে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement