আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন
Published : ২৩:০৭, ৮ জানুয়ারি ২০২৬
সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে আশুলিয়া থানা রোড এলাকার আলাউদ্দিনের মালিকানাধীন একটি শ্রমিক কলোনিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে কলোনিতে আতঙ্ক সৃষ্টি হয়। বাসিন্দারা দ্রুত বাইরে বেরিয়ে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাউসার আলী ঢাকা পোস্টকে জানান, অগ্নিকাণ্ডে শ্রমিক কলোনির চারটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরএইচ/ ঢাকা


































