নদীভাঙনকবলিত অসহায় মানুষের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Published : ১১:১৬, ৩ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিন শতাধিক অসহায় মানুষের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবীর।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম এবং উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি লোকমান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এবিজি ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শায়লা কবীর বলেন, “আমরা সবসময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকব। এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা শুধু মানিকগঞ্জে সীমাবদ্ধ নয়, সারা দেশেই এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানান, নদীভাঙনের কারণে অনেক পরিবার ঘরবাড়ি ও জীবিকার সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে খাদ্য সহায়তা তাঁদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

































