গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

গোপালগঞ্জ প্রতিনিধি

Published : ১৪:৩২, ২৮ আগস্ট ২০২৪

গোপালগঞ্জে সেনাবাহিনীর ওপর হামলা এবং গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজিরে করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গত সোমবার (২৬ আগস্ট) রাতে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৬।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরীফ আমিনুল হক লাচ্চু, গোপীনাথপুর গ্রামের রফিকুল কাজী, গুলিশ শরীফ এবং কাশিয়ানী উপজেলার ফলশী গ্রামের মোস্তাক মোল্লা।

র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার সৈয়দ ফজলুর রহমান জানান, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের শিক্ষক পল্লী থেকে সাবেক চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু এবং বাকিদের স্ব স্ব এলাকা থেকে রফিকুল কাজী, গুলিশ শরীফ ও মোস্তাক মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে আজ তাদের গোপালগঞ্জে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মঙ্গলবার গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গত ১০ আগস্ট গোপালগঞ্জে সশস্ত্র বিক্ষোভ করে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী। বিক্ষোভ চলাকালে হামলা চালিয়ে সেনা সদস্যদের মারপিট, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আযমসহ ১০৬ জনের নাম উল্লেখসহ ৩ হাজার ২০০ জনকে আসামি করে গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন গোপালগঞ্জের অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement