গরু লুটে বাধা দেওয়ায় যা করলো ডাকাত দল
Published : ১২:৫৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গরু লুটের ঘটনায় বাধা দেওয়ায় চন্দন দে (৭০) নামের এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে ডাকাত দল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরের দিকে একটি সংঘবদ্ধ ডাকাত দল এলাকায় হানা দেয়। তারা বিভিন্ন বাসিন্দার গোয়ালঘর থেকে গরু লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
চন্দন দের গোয়াল থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, চন্দন দের গোয়ালে তিনটি গরু ছিল। ডাকাতরা সেখান থেকে একটি গরু নিয়ে যায়। পাশাপাশি পাশের আরেকটি গোয়ালঘর থেকেও দুটি গরু লুট করে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
বিডি/এএন

































