গোলবন্যায় বিধ্বস্ত শেষ পর্যন্ত ‘১১’ গোলে হারল ভারত
Published : ২০:২৯, ৭ মার্চ ২০২৬
এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে ভারতকে নিয়ে যেন একতরফা খেলায় মেতে ওঠে জাপান। হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকির হ্যাটট্রিকে ১১–০ গোলের বিশাল ব্যবধানে ভারতীয়দের উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে জাপানের মেয়েরা।
এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এসেছে জাপান। অন্যদিকে সমান দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চায়নিজ তাইপে। একই পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে আছে ভিয়েতনাম। আর দুই ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পায়নি ভারত।
শনিবার (৭ মার্চ) পার্থে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই মাঠে আধিপত্য দেখাতে থাকে জাপান। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা দলটি ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম গোলের দেখা পায়। ইউসুজি ইয়ামোতো গোল করে দলকে এগিয়ে দেন। এর মাত্র ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উই হাসেগাওয়া।
প্রথমার্ধেই আরও তিনবার ভারতের জালে বল জড়ায় জাপান। এর মধ্যে হিনাতা মিয়াজাওয়ার পা থেকে আসে দুটি গোল। এছাড়া প্রথমার্ধের শেষদিকে দলের পঞ্চম গোলটি করেন কিকো সেইকে।
বিরতির পর মাঠে নেমেও আগ্রাসী খেলাই ধরে রাখে জাপান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭তম মিনিটে গোল করেন রিকো উয়েকি। এরপর মাত্র চার মিনিট পর নিজের দ্বিতীয় এবং দলের সপ্তম গোলটি করেন তিনি।
ম্যাচের ৫৫তম মিনিটে গোল করে ব্যবধান ৮–০ করেন সেইকো। এরপর ৬২তম মিনিটে হিজিকাতা গোল করে স্কোরলাইন আরও বাড়ান।
৬৫তম মিনিটে আবারও গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিকো উয়েকি। পরে ৮২তম মিনিটে জাপানের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিকটি পূর্ণ করেন হিনাতা মিয়াজাওয়া। শেষদিকে আর কোনো গোল না হওয়ায় ১১–০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে জাপানের মেয়েরা।
বিডি/এএন































