বগুড়া প্রেসক্লাব ভবন ও বায়তুর রহমান মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Published : ০৪:০৬, ২১ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া প্রেসক্লাবের নতুন বহুতল ভবন এবং তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত বায়তুর রহমান মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
সোমবার দিনভর বগুড়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাত সোয়া ৭টার দিকে তিনি বগুড়া প্রেসক্লাবের নিজস্ব ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “সাংবাদিক ভাইদের জন্য নতুন ভবন উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। বহু বছর আগে যে কাজটি শুরু হয়েছিল, আজ আমরা সেই কাজ সম্পন্ন করতে পেরেছি। আশা করি বগুড়ার সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা জাতির সামনে তুলে ধরবেন, যাতে আমরা বগুড়ার উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নিতে পারি।”
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বগুড়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর একটি শাখা স্থাপনের দাবি জানানো হলে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করুন, এরপর আমি দেখবো কী করা যায়, ইনশাল্লাহ।”
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রেসক্লাব প্রাঙ্গণে একটি সোনালু ফুলের চারা রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদসহ স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত বায়তুর রহমান মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।
English News

































