বগুড়ায় ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৪:৪৪, ২১ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলায় ৯১১ জন উপকারভোগীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে বিএনপির দলীয় সঙ্গীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান দাঁড়িয়ে গানটির সঙ্গে কণ্ঠ মেলান। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন এবং সমর্থকরাও গানটির সঙ্গে অংশ নেন।

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে গত ১০ মার্চ ঢাকায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন সরকারপ্রধান।

সরকারের পরিকল্পনা অনুযায়ী পরীক্ষামূলকভাবে আগামী জুন মাসের মধ্যে দেশের ১৪টি উপজেলায় ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারের হাতে এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।

সরকার জানিয়েছে, পরিবারের মা বা নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হবে। ভবিষ্যতে ২০৩০ সালের মধ্যে এই কার্ডকে একটি সর্বজনীন সামাজিক সুরক্ষা আইডি কার্ডে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।
 

শেয়ার করুনঃ
Advertisement