নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
Published : ১০:৫৪, ২৫ এপ্রিল ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের আস্থার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটসহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব বিশ্ববাজারে পড়ায় দেশের অর্থনীতিতেও চাপ তৈরি হয়েছে। তবে সরকার এই পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় দীর্ঘদিন জ্বালানি তেলের দাম সহনীয় রাখতে চেষ্টা করেছেন। আন্তর্জাতিক পরিস্থিতির উন্নতি হলে দেশের অর্থনীতিতেও স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজ চলছে।
তিনি আরও বলেন, এখন সময় দেশ গঠনের। সরকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।
গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণের বিষয়ে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকসংস্কৃতি রক্ষায় সরকার উদ্যোগ নিয়েছে। রংপুর অঞ্চলের ভাওয়াইয়া সংগীতের ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সুরসম্রাট আব্বাস উদ্দিন এই সংগীতকে বিশ্বপরিসরে পরিচিত করেছিলেন, এবং সরকার এ ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবনে কাজ করছে।
দুই দিনব্যাপী বৈশাখী উৎসবটি শনিবার শেষ হবে। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।

































