দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে: পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০৩, ২৫ এপ্রিল ২০২৬

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে এবং সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচিত করতে সবাইকে এখন থেকেই সজাগ থাকতে হবে।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের অবশ্যই জনবান্ধব ও সৎ হতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে পাশে থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর তৃণমূল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির অভাবে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, একটি পদে যদি একাধিক প্রার্থী দাঁড়ান, তাহলে দলের ক্ষতি হবে এবং কেউই নির্বাচিত হতে পারবেন না। এ বিষয়ে এখন থেকেই সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যেকোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা আসতে পারে। জনপ্রতিনিধি যদি সৎ ও দক্ষ হন, তাহলে সমাজব্যবস্থাও উন্নত হবে; আর যদি ব্যক্তি স্বার্থে কাজ করেন, তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাফিজ উল্যাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

শেয়ার করুনঃ
Advertisement