কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৫, ২৭ এপ্রিল ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, দেশের কৃষকের সার্বিক উন্নয়ন এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেছিলেন।

রোববার রাঙ্গামাটি সদর উপজেলা-এর সাপছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে গুরুত্বপূর্ণ কয়েকটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী এদিন প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে মানিকছড়ি ছড়া ব্রিজ থেকে বড়পাড়া নালা পর্যন্ত এবং কুতুকছড়ি বাজার থেকে মোনতলা হয়ে মাউরুম ও বগাছড়ি পর্যন্ত খাল খনন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় আবারও দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রী অভিযোগ করেন, বিগত সময়ে এই কার্যক্রম বন্ধ থাকায় এবং দখলের কারণে অনেক খাল ভরাট হয়ে গেছে। ফলে বর্ষায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়া এবং শুষ্ক মৌসুমে পানির সংকট সৃষ্টি হয়েছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, খাল পুনঃখনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে, যা পার্বত্য অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহাম্মদ সফি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

শেয়ার করুনঃ
Advertisement