এ কে ফজলুল হক ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান, অসম সাহসী ও বিচক্ষণ এক রাজনীতিবিদ: রাষ্ট্রপতি

এ কে ফজলুল হক ছিলেন অসাধারণ প্রজ্ঞাবান, অসম সাহসী ও বিচক্ষণ এক রাজনীতিবিদ: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৪, ২৭ এপ্রিল ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলার বাঘ হিসেবে খ্যাত এ কে ফজলুল হক ছিলেন এক অসাধারণ প্রজ্ঞাবান, অসম সাহসী ও বিচক্ষণ রাজনীতিবিদ।

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল সোমবার উপমহাদেশের এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী পালিত হবে।

রাষ্ট্রপতি বলেন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ফজলুল হক বঙ্গীয় আইন পরিষদের সদস্য, সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি, কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এবং পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ও গভর্নরসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও বলেন, প্রায় অর্ধ-শতাব্দীরও বেশি সময় ধরে দক্ষ রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে শেরে বাংলা গণমানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ফজলুল হক ১৯৩৬ সালে কৃষক প্রজা পার্টি এবং ১৯৫৩ সালে শ্রমিক-কৃষক দল প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে গঠিত ‘ঋণ সালিশি বোর্ড’ কৃষকদের ঋণের বোঝা থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, শিক্ষা উন্নয়ন, সমাজ সংস্কার এবং বিভিন্ন জনকল্যাণমূলক আইন প্রণয়নের মাধ্যমে শেরে বাংলা অবিভক্ত বাংলার মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনেন।

রাষ্ট্রপতি আরও বলেন, ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের পথনির্দেশনা দেন, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করে।

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম শেরে বাংলার আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

শেয়ার করুনঃ
Advertisement