জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী
Published : ০২:৪৯, ২৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না এবং দেশের জনগণকে দমিয়ে রাখার সুযোগ আর কাউকে দেওয়া হবে না।
সোমবার বিকেলে যশোর জেলার ঈদগাহ প্রাঙ্গনে এক জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না এবং অতীতের মতো দীর্ঘ হরতাল বা অস্থিতিশীলতা আর সহ্য করা হবে না। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কেউ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
তিনি বলেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ এবং জনগণের স্বার্থেই দলটি কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর অসমাপ্ত কাজ বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের জন্য বাস্তবমুখী কাজ করতে চায়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং কৃষকদের সহায়তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
তিনি জানান, মায়েদের রান্নার কষ্ট লাঘবে ‘এলপিজি কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ফ্যামিলি কার্ডের মতোই ধাপে ধাপে বিতরণ করা হবে।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত এই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করা হবে।
প্রধানমন্ত্রী বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জনসভায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর-এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন অধ্যাপিকা নার্গিস বেগম, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য নেতারা।

































