গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Published : ০২:৫৯, ২৮ এপ্রিল ২০২৬
যশোরের শার্শা উপজেলায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল গণভোটকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং জুলাই সনদকে ভুলভাবে উপস্থাপন করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়কে বিকৃত করার যে কোনো চেষ্টা প্রতিহত করতে হবে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তি সৃষ্টি করা হলে সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো—যেমন নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল পুনঃখনন, বেকারদের কর্মসংস্থান ও গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ—ব্যাহত হতে পারে।
তিনি বলেন, দেশের অগ্রগতি নিশ্চিত করতে জনগণকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত ধাপে ধাপে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, জনগণ ইতোমধ্যেই প্রমাণ করেছে তারা নিজেদের অধিকার রক্ষায় সচেতন। ভবিষ্যতেও কেউ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গেলে জনগণ উপযুক্ত জবাব দেবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে, যা বাস্তবায়িত হলে ইতিবাচক পরিবর্তন আসবে।
সমাবেশে প্রধানমন্ত্রী দেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের ২০ কোটি মানুষের সম্মিলিত শক্তিই পারে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে।

































