সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Published : ১৩:৩৫, ৩ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন।
আজ বেলা ১টা ২০ মিনিটে কাশিপুর ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন, যা সময়ের সাথে ভরাট হয়ে বন্ধ হয়ে যায়। এখন তা পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, খালটি পুনঃখনন করা হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং দেড় লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন। এতে অতিরিক্ত প্রায় ৭ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব হবে।
তিনি বলেন, শুধু বাসিয়া খাল নয়, সারা দেশেই এ ধরনের খাল পুনঃখনন করা হবে, যাতে কৃষকরা সেচ সুবিধা পান এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়।
প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের প্রায় ৬০টি স্থানে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। বাসিয়া খালের মোট ৪০ কিলোমিটারের মধ্যে ২৩ কিলোমিটার পুনঃখনন করা হবে, যা সম্পন্ন করতে দুইটি শুকনো মৌসুম লাগবে।
তিনি আরও বলেন, খালের দুই পাশে ৫০ হাজার গাছ রোপণ করা হবে, যা পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণের উপকারে আসবে।
কৃষকদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে ঋণ, সার, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন সুবিধা সরাসরি দেওয়া হবে। পাশাপাশি বছরে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও জানান, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, “এই সরকার জনগণের সরকার। আমাদের জবাবদিহিতা দেশের মানুষের কাছে। তাই আমরা এমন কাজ করতে চাই, যা জনগণের উপকারে আসে।”
এসময় তিনি বন্ধ কলকারখানা চালু এবং দেশে-বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

































