ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেন। ছবি : পিএমও

Published : ১৪:১৩, ৩ মে ২০২৬

ঢাকায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানস্থলে পৌঁছাতে সকাল ১০টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত নিজ দফতর থেকে হেঁটে যান প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান, যার জবাবে তিনি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ দেশের সকল জেলা প্রশাসক অংশগ্রহণ করছেন। এ সম্মেলনে মাঠ প্রশাসনের কাছে সরকারের নীতিমালা ও দিকনির্দেশনা তুলে ধরা হচ্ছে।

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম ডিসি সম্মেলন।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির এক সংবাদ সম্মেলনে জানান, এবারের সম্মেলন চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবং এতে মোট ৩৪টি অধিবেশন থাকবে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন এবং ৫৬টি মন্ত্রণালয় বা বিভাগ অংশগ্রহণ করবে।

সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রস্তাব সবচেয়ে বেশি।

সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়ন।

শেয়ার করুনঃ
Advertisement