পিরোজপুরের সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
Published : ০০:৫৮, ৬ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে পিরোজপুর জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর আওতাধীন চলমান ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও করণীয় বিষয় পর্যালোচনা করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে নির্বিঘ্ন রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল অবস্থায় থাকা সড়কগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কার করতে হবে।
তিনি পিরোজপুরের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কাজের গতি বাড়ানোর আহ্বান জানান।
বৈঠকে কর্মকর্তারা এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। আলোচনায় কিছু প্রকল্পে অতীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠে আসে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সংসদ সদস্য মাসুদ সাঈদী, রুহুল আমিন দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

































