প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ

প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আজ বিকেলে সচিবালয়ে তাঁর দফতরে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২১, ৬ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ করেছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম। আজ বিকেলে রাজধানীর বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর দফতরে এ রিপোর্ট পেশ করা হয় বলে জানান তার প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেন, সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। এসব রিপোর্টের পর্যবেক্ষণ, অনিয়ম, সুপারিশ এবং বাস্তবায়ন সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৮(১) এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশন্স) অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী এসব অডিট রিপোর্ট প্রণয়ন করা হয়েছে।

এর আওতায় ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ এবং তাদের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান ও প্রকল্পের ওপর এ অডিট কার্যক্রম পরিচালিত হয়। জাতীয় সংসদে উপস্থাপনের আগে নিয়ম অনুযায়ী এসব রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু কমপ্লায়েন্স অডিট নয়, প্রকল্পের কার্যকারিতা ও লক্ষ্য অর্জন নিশ্চিত করতে পারফরম্যান্স অডিট আরও জোরদার করতে হবে।

অডিট রিপোর্ট পেশকালে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement