ফরিদপুরে এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে এতিম শিশুর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৪:০৭, ৬ মে ২০২৬

গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের দুই বছর বয়সী এতিম কন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে শিশুটির বাড়িতে যান। তিনি শিশুটির খোঁজখবর নেন এবং লালন-পালনের জন্য সব ধরনের সরকারি সহায়তার আশ্বাস দেন।

এ সময় শিশুটির দাদা-দাদির হাতে খেলনা, নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুও পারিবারিকভাবে নিয়মিত সহায়তার প্রতিশ্রুতি দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সামাজিক নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ফরিদপুরের সালথা উপজেলার বালিয়া বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে স্থানীয় জনতার উত্তেজনাকর ঘটনার পর গণপিটুনিতে ট্রাকচালক হান্নান শেখ নিহত হন। এ ঘটনায় তার দুই সহচরও আহত হন।

হান্নান শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর পর পরিবারটি চরম আর্থিক ও সামাজিক সংকটে পড়ে, বিশেষ করে তার এতিম শিশুকন্যা মুসলিমা দাদা-দাদির আশ্রয়ে রয়েছে।
 

শেয়ার করুনঃ
Advertisement